জাতিশ্বরী বৃক্ষ
_____ফাতিমা কানিজ
চারিদিকে এতো দূষণ, ভাঙন আর বিষাদের সুর
এরই মাঝে শুদ্ধতার প্রতীক হয়ে
অবিচল দাঁড়িয়ে এক জাতিশ্বরী বৃক্ষ।
যার শ্যামল ছায়ায় বেড়ে উঠে
দুরন্ত সময়ের শৈশব, কৈশোর,
সীমাহীন শূন্যতায় আগলে রাখে আকাশ, নদী, মাঠ
যার সৃষ্টিতে পুষ্প গন্ধে,পত্র - পল্লবে
পৃথিবী হয় সুন্দর, মুখরিত,
যার জন্ম না হলে সম্পর্কের জন্ম হতো না
নিশ্বাসের সমস্তটা দিয়ে তৈরি করে আগামী
শেকড়ের টান তাই প্রজন্ম থেকে প্রজন্মে।
আশ্রয়ের কুঠির বড় করতে করতে
একসময় ছোট হয়ে আসে তার দেহ,জীবনীশক্তি
ভাঁজে ভাঁজে জমা হয় ক্লান্তি আর অবসাদ।
অবশেষে এই মহামূল্যবান মহীরূহের স্থান হয়
চার দেয়ালের কোন এক কোণে
ঠিক যেন আমাদের বৃদ্ধ মায়ের মতো সুশোভিত, শীতল।
<><><><><><><><><><>

Comments
Post a Comment